শুধু কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের এই সংকট কেবল প্রচলিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ ও কার্যকর চাপ প্রয়োজন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা। তাই শুধু প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে এর টেকসই সমাধান হবে বলে মনে করা বাস্তবসম্মত নয়। সংকট মোকাবিলায় মিয়ানমারের সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গেও বাংলাদেশ যোগাযোগ রাখছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ও অবগত। এ অবস্থায় সংকটের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং কার্যকর আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ও মানবিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাঁদের মধ্যে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত অর্থায়ন না থাকায় শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন শামা ওবায়েদ। তাঁর মতে, সব রাজনৈতিক দলকে একসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাতে হবে। একই সঙ্গে মিয়ানমারের বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শক্তিগুলোকে চাপ প্রয়োগ করতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী তাঁদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। পাশাপাশি রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ এবং সেখানে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *