ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

ঠিকাদার খুশি হয়ে কোনো উপহার দিলে প্রকৌশলীরা তা নিতে পারেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, একজন প্রকৌশলীর ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা তিনি নিতে পারেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সদ্য নিয়োগ পাওয়া নবীন প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের সচেতন থাকতে হবে। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এলজিইডির চলমান উন্নয়নকাজের তথ্য তুলে ধরে মীর শাহে আলম জানান, অধিদপ্তরের অধীনে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ ছাড়া প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নবীন প্রকৌশলীদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে গতি আসবে। তাঁদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও সতর্ক করেন তিনি।

কাজের গুণগত মানের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, কোনো কাজের মানের ক্ষেত্রে আপস করা হবে না। প্রকৌশলীদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, যাতে উন্নয়নকাজের মান বজায় থাকে।

এলজিইডির অধীনে বিপুল অঙ্কের উন্নয়নকাজ চলমান থাকায় নবীন প্রকৌশলীদের ওপর দায়িত্বও বেশি বলে মনে করেন প্রতিমন্ত্রী। কোনো ব্যক্তি বা পক্ষের প্রভাবে পড়ে দায়িত্ব পালনে বিচ্যুতি না ঘটানোর আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *