কারাগারে ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক পর্যায়ে, জানালেন আইনজীবী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সরদার লতিফ খোসা। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান লতিফ খোসা। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসা কারাগারে গিয়ে ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের সঙ্গে বৈঠক প্রায় তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ইমরান খানের শারীরিক অবস্থা এবং তাঁর বিরুদ্ধে চলমান বিভিন্ন আইনি মামলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আইনজীবী।

লতিফ খোসা বলেন, ইমরান খানের রক্তচাপ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তাঁর চোখের সমস্যাও রয়েছে। বিশেষ করে রক্তচাপের বর্তমান অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে শারীরিক সমস্যার মধ্যেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন এবং নিজের অবস্থানে অটল রয়েছেন।

সাক্ষাতের বিষয়ে বৃহস্পতিবার লিখিত প্রতিবেদন প্রকাশ করবেন বলেও জানিয়েছেন লতিফ খোসা। ওই প্রতিবেদনে কারাগারে আলোচনার আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান তিনি।

এদিকে, ইমরান খানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের ২৮তম সংবিধান সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই আইনজীবী। তবে সংশোধনী নিয়ে ইমরান খানের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে তাঁর আইনজীবীর এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে তাঁর রক্তচাপ ও চোখের সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের কোনো বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

সূত্র: সামা টিভি