ঢাবিতে প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগের ছয় শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ছয় শিক্ষার্থী হলেন এমএফএ দ্বিতীয় পর্বের সুপ্রিয় কুমার ঘোষ, বিইউএফএ তৃতীয় বর্ষের মো. তাফসিরুল ইসলাম, এমএফএ প্রথম পর্বের সুমিত রায়, বিইউএফএ তৃতীয় বর্ষের ফাইজা ফাইরুজ, এমএফএ প্রথম পর্বের সুইটি আক্তার এবং বিইউএফএ তৃতীয় বর্ষের ফারহানা আলম ইশা। তাঁদের মধ্যে সুপ্রিয় কুমার ঘোষ পেয়েছেন নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার, মো. তাফসিরুল ইসলাম মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, সুমিত রায় ডা. নওতেবা আহমেদ স্মৃতি পুরস্কার, ফাইজা ফাইরুজ অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার, সুইটি আক্তার অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার এবং ফারহানা আলম ইশা শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত সবাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক আবদুর রাজ্জাকের পুত্র আমিন আহমেদ এবং ভাস্কর আইভি জামান। চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক মুকুল কুমার বাড়ৈ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের রয়েছে প্রায় ৭০ বছরের সমৃদ্ধ ঐতিহ্য। শিল্পী জয়নুল আবেদিন ও অধ্যাপক আবদুর রাজ্জাকের হাত ধরে গড়ে ওঠা এ বিভাগ থেকে বহু সৃজনশীল ব্যক্তিত্ব তৈরি হয়েছেন। এ ঐতিহ্য ও সৃজনশীলতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রদর্শনীতে শিক্ষার্থীদের শিল্পকর্মে অসাধারণ সৃজনশীলতা ও ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন ঘটেছে। একটি সুন্দর শিল্পকর্ম বাস্তবায়নে আর্থিক সামর্থ্যের চেয়ে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তি বেশি গুরুত্বপূর্ণ। চারুকলার মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম, শিক্ষা ও গবেষণার নানা দিক তুলে ধরা সম্ভব। এ ক্ষেত্রে চারুকলা বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি পুরস্কারপ্রাপ্তদের বিশেষ শুভেচ্ছা জানান অধ্যাপক আবদুস সালাম। ভবিষ্যতেও ভালো কাজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পী, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীটি আগামী ২ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *