বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কনিকা কাপুর ও তাঁর স্বামী গৌতম হাথিরামানি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবরটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় কনিকা জানান, অনেক চিন্তাভাবনার পর তাঁরা দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছেন।
কনিকার এটি দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের পর দীর্ঘদিন লন্ডনে বসবাস করেন এই গায়িকা। তাঁদের সংসারে আয়না, সামারা ও যুবরাজ নামে তিন সন্তান রয়েছে। তবে ২০১২ সালে প্রথম দাম্পত্য জীবনের অবসান ঘটে। এরপর ভারতে ফিরে সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলায় মনোযোগ দেন কনিকা।
গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। বিয়ের আগে দীর্ঘদিন তাঁরা বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে কনিকা জানিয়েছিলেন, তিনিই প্রথম গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ২০১৪ সালে প্রথমবার এবং ২০২০ সালে দ্বিতীয়বার তাঁকে বিয়ের কথা বলেন। পরে ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এর পরের বছর, ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন তাঁরা।
সংগীতজগতে কনিকা কাপুরের পরিচিতি তৈরি হয় ২০১৪ সালে। সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গানটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণ্ঠ দেন তিনি।
এরপর একের পর এক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন কনিকা। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রয়’ সিনেমার ‘চিটিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’র ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’-এর ‘নাচান ফার্রাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর ‘দা দা দাসে’। বলিউডের নাচের গানে স্বতন্ত্র কণ্ঠের জন্য পরিচিতি পাওয়া এই শিল্পীর ব্যক্তিগত জীবনের নতুন সিদ্ধান্ত নিয়ে এখন আলোচনা চলছে।