এআইয়ের চাপে ক্যানভায় বড় ছাঁটাই, ১২০০ কর্মীর সামনে অনিশ্চয়তা

বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভায় বড় ধরনের পুনর্গঠন হতে যাচ্ছে। এর আওতায় প্রতিষ্ঠানটির ১ হাজার ২০০ জনের বেশি কর্মী চাকরি হারাতে পারেন অথবা তাঁদের অন্য দায়িত্ব ও স্থানে স্থানান্তর করা হতে পারে। প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীর প্রায় ২২ শতাংশ এই পরিবর্তনের আওতায় পড়ছেন। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে ক্যানভার এ সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে পুনর্গঠনের ঘোষণা দেন ক্যানভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিন্স। তিনি একে প্রতিষ্ঠানটির ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহূর্ত বলে উল্লেখ করেছেন।

মেলানি পারকিন্স বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের ১৩ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়।’ তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু কর্মীর দায়িত্ব ও পদে পরিবর্তন আসবে। কাউকে কেন্দ্রীয় কার্যালয়ে কাজের জন্য স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক সহকর্মী ও বন্ধুকে বিদায়ও জানাতে হবে, যাঁরা ক্যানভাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ২৭১ জন কর্মী এই পুনর্গঠনের আওতায় পড়বেন। তবে ঠিক কতজনের চাকরি সরাসরি চলে যাচ্ছে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। কর্মীদের জন্য পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

চাকরি হারানো কর্মীরা অন্তত ছয় মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। যেসব দেশে কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা রয়েছে, সেখানে আরও ১২ মাস সেই সুবিধা বহাল থাকবে। পাশাপাশি তাঁরা ব্যবহৃত ল্যাপটপটি নিজেদের কাছে রাখতে পারবেন। চাইলে নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে ১০ হাজার মার্কিন ডলারের অনুদানের জন্যও আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত ক্যানভা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম। সহজে পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি ও নানা ধরনের নকশা তৈরির সুবিধার কারণে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।

এদিকে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে। এর আগে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। ব্লক ও ওয়াইজটেক গ্লোবালেও কর্মী কমানোর ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *