স্বর্ণের দামে আবারও বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

এর আগে ২ ও ৪ নভেম্বর দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছিল মোট ৬ হাজার ৫৯০ টাকা। বৃহস্পতিবারের নতুন দাম যোগ হওয়ায় নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় ভালো মানের স্বর্ণের প্রতি ভরিতে মোট দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।

এর আগে ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *