কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বছিরন বেওয়া (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় উলিপুর থেকে ছেড়ে আসা রমনা–কুড়িগ্রামগামী একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায়। ট্রেনটি দেখতে পেয়ে তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও দুর্ঘটনা এড়াতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম তারা সম্পন্ন করবে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবীব বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এতে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।