র‍্যাঙ্কিংয়ে উন্নতি, কিন্তু যবিপ্রবির ৮৫ শতাংশ শিক্ষকের নেই পিএইচডি

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অবস্থানের উন্নতি হলেও শিক্ষার মান ও গবেষণার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়টির ৮৫ শতাংশ শিক্ষকেরই পিএইচডি ডিগ্রি নেই। পাশাপাশি প্রতি ৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র একজন। কিউএসের এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এসব চিত্র।

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা র‍্যাঙ্কিং সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এর তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। ৩ নভেম্বর প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকদের পিএইচডি ডিগ্রির হারসহ বিভিন্ন সূচকের তথ্য তুলে ধরা হয়েছে।

কিউএসের তথ্যানুযায়ী, দেশের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তুলনায় যবিপ্রবির শিক্ষকদের পিএইচডি ডিগ্রির হার উল্লেখযোগ্যভাবে কম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অর্ধেকের বেশি শিক্ষকের পিএইচডি ডিগ্রি রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রায় ৩৭ শতাংশ শিক্ষক পিএইচডিধারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষেত্রে এ হার প্রায় ২৬ শতাংশ। সেই হিসাবে বুয়েট, শাবিপ্রবি ও ঢাবির তুলনায় যবিপ্রবির অবস্থান বেশ পিছিয়ে।

বিশেষ করে সমপর্যায়ের প্রতিষ্ঠান শাবিপ্রবির সঙ্গে পিএইচডিধারী শিক্ষকের অনুপাতে বড় ব্যবধান যবিপ্রবির শিক্ষক নিয়োগের মান ও গবেষণার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের দুর্বলতাও বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষার্থীদের পাঠদান, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা এবং গবেষণার সুযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

শিক্ষাবিদদের মতে, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি নিঃসন্দেহে ইতিবাচক। তবে কেবল র‍্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি হলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার সক্ষমতার পূর্ণ প্রতিফলন ঘটে না। এ জন্য শিক্ষকদের উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ সৃষ্টি, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের মতো মৌলিক বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ে পিএইচডিধারী শিক্ষকের গুরুত্ব তুলে ধরে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান বলেন, ‘একজন গবেষককে গবেষণার পদ্ধতি, অর্থায়ন সংগ্রহ ও নতুন জ্ঞান সৃষ্টিতে দক্ষ করে তোলে পিএইচডি। পিএইচডিধারী শিক্ষকরা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখেন। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ ধরে রাখতে পিএইচডিধারী শিক্ষকের বিকল্প নেই।’ যবিপ্রবির বয়স বিবেচনায় ১৫ শতাংশ শিক্ষকের পিএইচডি ডিগ্রি থাকাকে প্রাথমিক অর্জন হিসেবে দেখছেন তিনি।

দেশে পিএইচডিধারী শিক্ষক তৈরির পাশাপাশি তাঁদের ধরে রাখার কার্যকর উদ্যোগের ঘাটতির কথাও উল্লেখ করেন অধ্যাপক ইমরান খান। তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও পিএইচডিধারী শিক্ষক তৈরি ও তাঁদের ধরে রাখার কার্যকর উদ্যোগ নেই। উন্নত দেশে পিএইচডি করতে গিয়ে অনেকেই আর দেশে ফেরেন না। গবেষণার সুযোগের অভাব, ল্যাবরেটরির সংকট, কম বেতন এবং নিয়োগে রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্য গবেষকদের বিশ্ববিদ্যালয়ে আকৃষ্ট করা কঠিন হচ্ছে।

চীন বা ভারতের মতো দেশে মেধাবীদের ফিরিয়ে আনতে বিশেষ কর্মসূচি থাকলেও বাংলাদেশে তা নেই বলে মন্তব্য করেন তিনি। পিএইচডি করতে বিদেশে যাওয়া শিক্ষকদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই অধ্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *