সাজাপ্রাপ্ত আসামি কানাডায়; জেল থেকে এক বছর পর মুক্ত দোহারের আলমাস

নিজস্ব প্রতিবেদক : নামের মিলের কারণে ২২ বছর আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ আদালতের নির্দেশের তিন দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ৪৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

আলমাসের পরিবারের সদস্যরা তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পৌনে তিনটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত রোববার উচ্চ আদালত তাঁকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

 

আলমাসের মুক্তির অপেক্ষায় আগে থেকেই কারাগারের ফটকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী বন্যা আক্তার ও স্বজনেরা। মুক্তির খবর ছড়িয়ে পড়লে দোহারের বাড়িতে তাঁকে দেখতে জড়ো হন প্রতিবেশীরা।

 

আলমাসের খালাতো ভাই রমজান খান বলেন, ‘আলমাস একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি। সহজ-সরল ছেলে। তাঁকে বিনা অপরাধে ১২ মাস জেলে থাকতে হলো। পরিবারটির দুঃখ-কষ্টে দিন কেটেছে। তাঁর মুক্তিতে এলাকাবাসী আনন্দিত।’

 

ছেলের মুক্তিতে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে আলমাসের বাবা শেখ খলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার নিরপরাধ ছেলেকে পুলিশ জেল খাটিয়েছে। সরকারের কাছে এর বিচার চাই।’

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় মো. আলমাছ নামের এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড হয়। ওই মামলার সাজা কার্যকরের জন্য গত বছরের ৪ নভেম্বর ২০২৫ দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখকে গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ। অভিযোগ রয়েছে, নাম ও বাবার নামের আংশিক মিল থাকলেও পরিচয় যথাযথভাবে যাচাই না করেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তখন স্থানীয় লোকজন প্রতিবাদ জানান।

 

পরে প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এমন দাবি তুলে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা আলমাস। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে কারাগারে থাকা আলমাস ও মামলায় দণ্ডিত ব্যক্তির পরিচয় এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

 

আদালতের নির্দেশের পর দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, কারাগারে থাকা মো. আলমাস ওই অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। এরপর উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পর মঙ্গলবার কারামুক্ত হন তিনি।