ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল, শেষ তারিখ কবে জানুন

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তর করতে ইচ্ছুক নাগরিকদের জন্য আবেদনের সময় এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে ভোটার স্থানান্তরের আবেদন আগামী ১ নভেম্বর পর্যন্ত দাখিল ও গ্রহণ করা যাবে। আগে এ আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ অক্টোবর।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর। তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আবেদন গ্রহণের সময় বাড়িয়ে পরবর্তী কর্মদিবস ১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটার স্থানান্তরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা সার্বিকভাবে তদারকির জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালককেও নির্দেশনার অনুলিপি দেওয়া হয়েছে।

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন করতে চান এমন নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যাঁরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে নিজেদের বর্তমান আবাসস্থল অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তর করতে চান, তাঁদের জন্য ১ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *