রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *