তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা তাঁর ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দীপকে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) তাঁকে সঙ্গে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন এলাকায় অভিযান চালায় সংস্থাটি। অভিযানে একটি নম্বরপ্লেটবিহীন কালো মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। তবে জিজ্ঞাসাবাদে দেওয়া তাঁর বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।

দীপের দাবি, ঘটনার দিন তাঁরা কয়েকজনের ধাওয়ার মুখে পড়েছিলেন। তাঁদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরা ছিলেন বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর দীপ বিআইডব্লিউটিএর সীমানাপ্রাচীরের একটি পিলারের আড়ালে লুকিয়ে ছিলেন বলে জানান।

তবে দীপের দেওয়া এসব বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাহসিফের বাবা তাঁর নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, তাহসিফ সাঁতার জানতেন। তাই নদীতে ঝাঁপ দেওয়ার পর তাঁর ডুবে যাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন রয়েছে।

গত ২৮ অক্টোবর তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় ফরেনসিক পরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনার প্রতিবেদনও এখনো পাওয়া যায়নি।

পিবিআইয়ের ছায়া তদন্ত শেষে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন নৌ-পুলিশ তাঁর দেওয়া বক্তব্য, উদ্ধার করা মোটরসাইকেল এবং তাহসিফের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *