মাদকমুক্ত জাতি গড়তে তরুণদের মাঠে ফেরাতে চায় সরকার: আইনমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা নিজেদের মাদক থেকে দূরে রাখতে পারবে। এ কারণেই সরকার খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

তিনি বলেন, খেলাধুলার উন্নয়ন ও প্রসারে খেলোয়াড়দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত হয়ে হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে পারেন, তবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই পালন করতে হবে। ভলিবল ফেডারেশনকে সামনে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

ভলিবল ফেডারেশনের সঙ্গে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতিকে আশাব্যঞ্জক উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, তাঁদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককে নিজ নিজ পছন্দের খেলায় অংশগ্রহণের সুযোগ ও উৎসাহ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনের ভিত্তি তৈরি করবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *