মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের আনা বিলে একের পর এক ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে তুলে ধরার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে ট্রাম্প নিজে প্রার্থী না হলেও কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তার ওপর তাঁর দ্বিতীয় মেয়াদের বাকি সময়ের রাজনৈতিক সমীকরণ অনেকটাই নির্ভর করছে। কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে নির্বাচনী প্রচারেও অংশ নিচ্ছেন তিনি।

নিউইয়র্ক পোস্টের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তাদের পাঠানো বিলগুলোতে তিনি ভেটো দেবেন। এতে একপর্যায়ে ডেমোক্র্যাটরা সমঝোতায় আসতে বাধ্য হবেন বলে মনে করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, তখন আমি মিস্টার ভেটো হয়ে উঠব। আমি তাদের সবকিছু ধ্বংস করতে দেব না।’ তাঁর ভাষ্য, ডেমোক্র্যাটরা একের পর এক বিল পাঠালে তিনি সেগুলোতে ভেটো দেবেন। এক-দুই মাস এভাবে বিল আটকে থাকলে শেষ পর্যন্ত তারা আলোচনায় বসতে আগ্রহী হবে।

তবে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে না পারলে সবকিছুতেই ভেটো দেবেন। তাঁর ভাষায়, ‘শুধু ভেটো আর ভেটো দিতেই থাকব।’

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে প্রেসিডেন্ট সম্মতি না দিলে তিনি তাতে ভেটো দিতে পারেন। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্য কোনো বিলের পক্ষে ভোট দিলে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করা সম্ভব। অর্থাৎ ভেটো দিলেই কোনো বিলের আইন হওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় না।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত দুটি বিলে ভেটো দিয়েছেন। প্রথম মেয়াদে তিনি ১০টি বিলে ভেটো দিয়েছিলেন।

সাক্ষাৎকারে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, সুযোগ থাকলে আবারও নির্বাচনে দাঁড়াতে পছন্দ করতেন। তবে সংবিধানের বিধান স্পষ্ট ও কঠোর। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে। বর্তমানে দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের আরও তিনটি আসনে জয় প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন ও নীতিগত উদ্যোগে বাধা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা কীভাবে ব্যবহার করা হবে, তা তাঁর দ্বিতীয় মেয়াদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *