১২ শিক্ষক থাকার পরও যে কারণে পাস করতে পারেনি তিন শিক্ষার্থী

১২ জন শিক্ষক থাকার পরও রাজশাহীর বাঘার তেঁতুলিয়া-পিরগাছা ভোকেশনাল বিএম কলেজের জেনারেল শাখা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। কলেজটির এমন ফল নিয়ে স্থানীয় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কলেজটির জেনারেল শাখা থেকে তিনজন এবং কারিগরি বা বিএম শাখা থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে কারিগরি শাখার ২৮ জন পাস করলেও জেনারেল শাখার তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

কলেজ সূত্রে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০০৫ সালে পাঠদানের অনুমতি পায়। কলেজটিতে জেনারেল ও কারিগরি মিলিয়ে মোট চারটি শাখা রয়েছে। এর মধ্যে জেনারেল শাখার মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষক রয়েছেন ১২ জন।

তবে দীর্ঘ সময়েও এই ১২ শিক্ষকের কেউ এমপিওভুক্ত হতে পারেননি। তাঁরা নিয়মিত কোনো সরকারি বা বেসরকারি বেতন-ভাতাও পান না। বিনা বেতনেই পাঠদান চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা।

ফল বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সদর বলেন, কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম জেনারেল শাখায় পাসের হার শূন্য হয়েছে। এর প্রধান কারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে না আসা। শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেষ্টা করা হলেও শিক্ষার্থীদের অনীহার কারণে এমন ফল হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *