আগামী বছর ঈদ ও দুর্গাপূজায় কত দিন ছুটি, জানাল মন্ত্রণালয়

আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তুত করা আগামী বছরের ছুটির তালিকায় এসব ছুটির তথ্য রয়েছে।

২০২৭ সালে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২০২৬ সালের মতো আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। ফলে ঈদুল ফিতর উপলক্ষে সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে ঈদুল আজহায় আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি যুক্ত হয়ে মোট ছুটি হবে ছয় দিন।

ওই কর্মকর্তা আরও জানান, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ দুই দিন মিলিয়ে দুর্গাপূজায় মোট দুই দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তালিকা অনুযায়ী, সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাচ্ছে। এ কারণে মোট ২৯ দিনের ছুটি থেকে সাত দিন বাদ পড়বে।

ফলে আগামী বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাপ্তাহিক ছুটির বাইরে কার্যকরভাবে ২২ দিন সরকারি ছুটি ভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *