ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। পোস্টের সঙ্গে বিমানের ভেতরে বসে থাকা অবস্থায় তোলা একটি ছবিও যুক্ত করেন তিনি।
ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য দেননি আসিফ মাহমুদ।
সম্প্রতি ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। সেই প্রেক্ষাপটেই আসিফ মাহমুদের এই পোস্টকে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখা হচ্ছে।
তবে তাঁর পোস্টে ‘চলে যাচ্ছি’ বললেও সেটি বাস্তবে দেশত্যাগের ঘোষণা কি না, তা স্পষ্ট নয়। একইভাবে ছবিতে থাকা তিনজনের গন্তব্য সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।