ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, কোন ইউনিটের পরীক্ষা কবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পুনর্নিরীক্ষণের ফলের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। এ আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের একটি কারণ হলো এইচএসসি পরীক্ষার বিশেষ বা সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য সময়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা আয়োজন এবং একই মাসের শেষ দিকে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিশেষ পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাম্মেল আলফেছানী বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো হতে পারে। কারণ, ভর্তি পরীক্ষার আবেদন শেষ হওয়ার সময় এবং এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় প্রায় কাছাকাছি। তবে ভর্তি পরীক্ষা পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, ভর্তি কার্যক্রম একটি দীর্ঘ প্রক্রিয়া। সাধারণত পরীক্ষা শুরুর তিন থেকে চার মাস আগে আবেদন গ্রহণ, পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশসহ পুরো কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়। এ প্রক্রিয়ায় সাধারণ ভর্তি কমিটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির সুপারিশ প্রয়োজন হয়। মাঝপথে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলে পুরো ভর্তি কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *