ঢালিউডের ‘নসিব’ সিনেমায় খলনায়ক মুকেশ ঋষি, আসছেন ঢাকায়

বলিউডের পরিচিত খলঅভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ঢালিউড নির্মাতা মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে এই অভিনেতার।

পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ‘নসিব’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। ছবিতে তাঁর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে। এসব দৃশ্যের শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে আসবেন তিনি।

নির্মাতা জানান, সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। এ জন্য শুটিং ইউনিট নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হচ্ছেন তাঁরা। আগামী ৯ তারিখ থেকে সেখানে দ্বিতীয় ধাপের মূল শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বলিউডে খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ ঋষি। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি পান এই অভিনেতা।

এবার ‘নসিব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে মুকেশ ঋষির। তাঁর অংশগ্রহণে ছবিটির অ্যাকশন দৃশ্য ও গল্পে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *