খাগড়াছড়িতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় একটি টমটম অটোরিকশাও পুড়ে যায়। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। আগুনে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ মোট ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পুড়ে গেছে একটি টমটম অটোরিকশা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, দোকান ও স্থাপনাগুলো কাঠ ও টিনের কাঠামোর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া পানির সংকটের কারণে আগুন নেভাতে বেশি সময় লেগেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *