নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর এলাকায় প্রসূতিবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, পিকআপ ও অন্যান্য যানবাহনে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে এন মল্লিক পেট্রোল পাম্পের পর একটি সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয় দুর্বৃত্তরা। এমনকি প্রসূতিকে বহনকারী অ্যাম্বুলেন্সের চাবিও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোস্তাক হোসেন দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা এবং জয়পাড়া পূর্ব বাজার কমিটির সদস্য। তিনি জানান, রাত ৩টার দিকে প্রসূতি স্ত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছিলেন। পথে নবাবগঞ্জের টিকরপুর এলাকায় এন মল্লিক পেট্রোল পাম্পের প্রায় ২০০ থেকে ৩০০ মিটার দূরে সেতুর ঢালে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাত দল। এরপর তারা একে একে যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে।
মোস্তাক হোসেন বলেন, তাঁর অ্যাম্বুলেন্সের পেছনে আরও তিন থেকে চারটি সিএনজিচালিত অটোরিকশা ও হায়েস গাড়ি ছিল। ডাকাতেরা সবার কাছ থেকেই মালামাল লুট করে নেয়। এ সময় তাঁর স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল, নগদ টাকা, মুঠোফোন ও অ্যাম্বুলেন্সের চাবিও নিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট ধরে ডাকাতির ঘটনা চলে। এ সময় আশপাশ থেকে কেউ এগিয়ে আসেনি। পরে পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা সড়ক ছেড়ে পাশের আইল ধরে পালিয়ে যায়। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।