আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না পরায় আইনি নোটিশ কারিনাকে

পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরে আইনি নোটিশ পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলি উপলক্ষে সাজসজ্জায় ভোপালের রাজপরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গয়নাটি পরেছিলেন তিনি। এ ঘটনায় সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য আপত্তি জানানোর পর তাঁকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

দীপাবলি উপলক্ষে সম্প্রতি বিশেষ সাজে হাজির হন কারিনা। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে একই রঙের পাগড়ি পরেছিলেন তিনি। পাগড়িতে যুক্ত ছিল ঝলমলে একটি কলগি। অলংকারটিরও পারিবারিক ইতিহাস রয়েছে। কারিনার স্বামী সাইফ আলী খান তাঁদের বিয়ের দিন এটি পরেছিলেন।

তবে কারিনার সাজে সবচেয়ে বেশি নজর কাড়ে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এতে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। ঐতিহাসিক এই গয়নাটি একসময় ভোপালের বেগমের ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গয়নাটির ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, কারিনার পরনে ছিল পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। এর সঙ্গে ছিল ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে আয়াতুল কুরসি খোদাই করা।

রিয়া আরও জানান, গয়নাগুলো সাইফ আলী খানের পরিবারের উত্তরাধিকার। তাঁর দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। পারিবারিক সূত্রেই ঐতিহাসিক অলংকারগুলো তাঁদের কাছে এসেছে।

এদিকে কারিনাও ইনস্টাগ্রামে নিজের সাজের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’

তবে কোরআনের আয়াত খোদাই করা গয়না দীপাবলির সাজে ব্যবহার করায় আপত্তি জানিয়েছেন আব্বাস হাফিজসহ কয়েকজন। তাঁদের আপত্তির পরিপ্রেক্ষিতে কারিনাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর সাজসজ্জা ও রাজপরিবারের ঐতিহাসিক গয়নাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি