অস্ট্রিয়া-ইতালির গুরুত্বপূর্ণ টানেল প্রকল্পে সাইবার হামলা

ইউরোপের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প অস্ট্রিয়া ও ইতালিকে সংযুক্তকারী ব্রেনার বেস টানেল সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলার পেছনে রুশভাষী হ্যাকার গোষ্ঠী ‘এভারেস্ট’ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। হামলায় প্রকল্পের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের অনলাইনে সংযুক্ত কিছু তথ্যভান্ডারে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৬ নভেম্বর) অস্ট্রিয়ার সংবাদমাধ্যম তিরোলার তাগেসৎসাইটুংকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে টানেল প্রকল্পের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিবিটি এসই।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের মাঝামাঝি সময়ে হ্যাকাররা প্রতিষ্ঠানটির অনলাইনে সংযুক্ত কয়েকটি তথ্যভান্ডারে প্রবেশ করে। পরে চুরি করা কিছু তথ্য ডার্ক ওয়েবেও প্রকাশ করা হয়।

মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিরোফক্সের বিশ্লেষণ অনুযায়ী, সন্দেহভাজন ‘এভারেস্ট’ একটি আন্তর্জাতিক সাইবার চাঁদাবাজ চক্র। বিভিন্ন প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য চুরি করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে গোষ্ঠীটি।

বিবিটি এসই জানিয়েছে, সাইবার হামলা শনাক্ত হওয়ার পরপরই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত তথ্যভান্ডারগুলো বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও কাজ করছেন।

তবে হ্যাকারদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়েছে কি না কিংবা তাদের কোনো অর্থ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির দাবি, হামলার কারণে এখন পর্যন্ত টানেলের নির্মাণকাজ বা পরিচালনাসংক্রান্ত কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে কী পরিমাণ তথ্য চুরি হয়েছে এবং হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *