ভর্তি-সংক্রান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে: ইউজিসি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন ও বিধি অনুযায়ী নিজেরাই নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে কমিশন। আগামী জানুয়ারিতে ভর্তি আবেদন শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় ভর্তি কার্যক্রমের সময়সূচি, পরীক্ষার পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের বিভিন্ন দিক উঠে আসে।

সভায় জানানো হয়, আগামী শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে ফেব্রুয়ারি থেকে। তবে পরীক্ষার তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না পড়ে, সে বিষয়েও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজানের বিষয়টি বিবেচনায় রাখার কথা বলা হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় ও শিক্ষার্থীদের স্বার্থে তা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে।

সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমে যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী পাস করলেও এবার পাসের সংখ্যা ছয় লাখের কিছু বেশি। ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার মাধ্যমে আরও শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরির উদ্যোগের কথা জানানো হয়। এ প্রক্রিয়ার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে।

চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় গত বছরের মতো বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি যাচাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় জিপিএর নম্বর নির্ধারণের ক্ষেত্রেও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা বিবেচনার কথা বলা হয়েছে। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আসন প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।

ভর্তি কার্যক্রমের সমন্বয় জোরদার করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে। এ কমিটি সারা বছর ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে সমন্বয় করতে পারে।

ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতা অক্ষুণ্ন থাকবে। কমিশন ভর্তি কার্যক্রমে সমন্বয় ও সহযোগিতা করবে, তবে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *