মুনাফার চেয়ে লোকসান বেশি, সাত ব্যাংকের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে মুনাফার চেয়ে লোকসানের পরিমাণ বেশি হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৪টি ব্যাংক সম্মিলিতভাবে ৯ হাজার ৪৫৩ কোটি টাকা মুনাফা করলেও সাতটি ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫১ কোটি টাকা। ফলে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফার তুলনায় লোকসান বেশি হয়েছে ৫ হাজার ৭৯৮ কোটি টাকা।

ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একদিকে কয়েকটি ব্যাংক বড় অঙ্কের মুনাফা করেছে, অন্যদিকে কয়েকটি ব্যাংকের লোকসানও বেড়েছে। বিশ্লেষকদের মতে, এ বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ, আমানতকারীদের আস্থার পার্থক্য এবং বিনিয়োগ পরিস্থিতির প্রভাব রয়েছে। যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, সেগুলোর প্রতি মানুষের আস্থা কমেছে। ফলে আমানত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরিত হচ্ছে। তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলো নতুন আমানত পাওয়ায় আরও সুবিধা পাচ্ছে।

লোকসানের তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। এতে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা।

ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ১৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির লোকসান বেড়েছে।

এবি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা, মোট লোকসান ২ হাজার ৮১৮ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। সে হিসাবে লোকসান কিছুটা কমেছে। এ ছাড়া আইএফআইসি ব্যাংকের লোকসান হয়েছে ২ হাজার ৫০৬ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৯৯৬ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৫৫৮ কোটি এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৭১ কোটি টাকা।

অন্যদিকে মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ৭০ পয়সা। মোট মুনাফার পরিমাণ ১ হাজার ৭৬৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫ টাকা ২৯ পয়সা।

পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ১৫ পয়সা। ব্যাংকটির মোট মুনাফা ১ হাজার ৫৮৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি। সিটি ব্যাংক ৮৬৮ কোটি টাকা এবং প্রাইম ব্যাংক ৬৮৫ কোটি টাকা মুনাফা করেছে।

এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি, ডাচ্‌-বাংলা ব্যাংক ৬২৪ কোটি, যমুনা ব্যাংক ৫০২ কোটি, ব্যাংক এশিয়া ৪৫১ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংক ৪৪৫ কোটি, উত্তরা ব্যাংক ৪৩১ কোটি এবং এনসিসি ব্যাংক ৩৪৮ কোটি টাকা মুনাফা করেছে। তবে মুনাফা করলেও কয়েকটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ঢাকা ব্যাংকের ইপিএস ১ টাকা ৩৩ পয়সা থেকে কমে ১ টাকা ১২ পয়সা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস ১ টাকা ৮৭ পয়সা থেকে নেমে এসেছে ৪৩ পয়সায়। ওয়ান ব্যাংকের ইপিএস ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৪ পয়সা থেকে কমে ৩ পয়সা হয়েছে।

ব্যাংকগুলোর নগদ অর্থের প্রবাহেও পার্থক্য দেখা যাচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে ২৩টি ব্যাংকের পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ইতিবাচক থাকলেও আটটির ছিল ঋণাত্মক। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সা। ইউসিবির ২০ টাকা ৫৮ পয়সা, ন্যাশনাল ব্যাংকের ৩ টাকা ৪৩ পয়সা, আইএফআইসি ব্যাংকের ৪ টাকা ৪৬ পয়সা, এবি ব্যাংকের ৬ টাকা ৯৪ পয়সা, রূপালী ব্যাংকের ৩ টাকা ৭৭ পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ টাকা ৪৩ পয়সা এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৪২ পয়সা ঋণাত্মক ক্যাশ ফ্লো রয়েছে।

অন্যদিকে পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক ও সিটি ব্যাংকের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৭০ টাকার বেশি। ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ক্ষেত্রে তা ৫০ টাকার বেশি। বিশ্লেষকদের মতে, ঋণাত্মক ক্যাশ ফ্লো ব্যাংকের নগদ অর্থের প্রবাহে চাপের ইঙ্গিত দিতে পারে। তবে ব্যাংকের সামগ্রিক আর্থিক অবস্থা বুঝতে মুনাফা বা ক্যাশ ফ্লোর পাশাপাশি সম্পদ, দায়, ঋণের মান ও তারল্য পরিস্থিতিও বিবেচনা করা প্রয়োজন।

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অর্থনীতিবিদ মোহাম্মদ মুসলিম চৌধুরী মনে করেন, কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করলেই পুরো ব্যাংক খাতের অবস্থাকে ভালো বলা যায় না। তাঁর মতে, ব্যাংকের কাজ শুধু মুনাফা করা নয়; মানুষের সঞ্চয় সংগ্রহ করে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা এবং অর্থনীতিতে সম্পদের কার্যকর বণ্টন নিশ্চিত করাও ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মুসলিম চৌধুরী বলেন, ভালো মুনাফা করা ব্যাংকগুলোর অনেকেই তুলনামূলক নিরাপদ ও প্রতিষ্ঠিত গ্রাহকদের ঋণ দিচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি ও সাধারণ মানুষের মতো অপেক্ষাকৃত কম সুবিধাপ্রাপ্ত খাতে অর্থায়ন সীমিত থাকলে শুধু মুনাফার অঙ্ক দিয়ে ব্যাংকের কার্যকারিতা বিচার করা যায় না। তাঁর মতে, কয়েকটি ব্যাংকের আয়ের বড় অংশ সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে আসছে। এতে ব্যাংকগুলোর মুনাফা হলেও বেসরকারি খাতে অর্থায়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীও মনে করেন, ভালো ব্যাংকগুলোর মুনাফার বড় উৎস এখন সরকারি ঋণপত্র। তাঁর ভাষ্য, বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলো ঋণ বিতরণের পরিবর্তে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে অর্থ বিনিয়োগ করছে। বিনিয়োগের পরিবেশ দুর্বল থাকায় ব্যবসায়ীরাও নতুন ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না।

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, খেলাপি ঋণ বেশি থাকা ব্যাংকগুলোর প্রতি আমানতকারীদের আস্থা কমে গেছে। কোনো কোনো ব্যাংকে খেলাপি ঋণের হার ৩০ থেকে ৪০ শতাংশ, এমনকি ৭০ থেকে ৮০ শতাংশ ছাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব ব্যাংক থেকে আমানতকারীরা টাকা সরিয়ে তুলনামূলক ভালো ব্যাংকে রাখছেন। এতে দুর্বল ব্যাংকগুলো নতুন আমানত সংগ্রহ ও স্বাভাবিক ঋণ কার্যক্রম পরিচালনায় চাপে পড়ছে।

তিনি আরও বলেন, দেশে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে গেছে। বিনিয়োগের পরিবেশ দুর্বল থাকায় উদ্যোক্তারা ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না। ফলে ব্যাংকগুলোতে অর্থ থাকার পরও তা উৎপাদনশীল খাতে ব্যবহার করা যাচ্ছে না। তাঁর হিসাবে, ব্যাংকগুলোতে প্রায় চার লাখ কোটি টাকা অলস পড়ে রয়েছে এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমেছে।

মুসলিম চৌধুরীর মতে, উৎপাদনশীল খাতে অর্থায়ন না বাড়লে নতুন শিল্পকারখানা গড়ে ওঠা এবং বিদ্যমান শিল্পের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে কর্মসংস্থানেও। তাই ব্যাংকের সাফল্য নির্ধারণে মুনাফার পাশাপাশি সঞ্চয় সংগ্রহ, বিনিয়োগ, উৎপাদনশীল খাতে ঋণ বিতরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান বিবেচনা করা প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি শুধু মুনাফা-লোকসানের হিসাব দিয়ে বোঝা সম্ভব নয়। খেলাপি ঋণ আদায়, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো না গেলে কয়েকটি ব্যাংকের ভালো আর্থিক ফলাফল দিয়ে সামগ্রিক খাতের দুর্বলতা আড়াল করা যাবে না। সূত্র: জাগোনিউজ