প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও কেন সরে দাঁড়ান সোনিয়া গান্ধী

২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনিয়া গান্ধীর নামই আলোচনায় ছিল। দলের নেতাকর্মী ও জোটের শরিকদের প্রত্যাশা ছিল, তিনিই সরকারপ্রধানের দায়িত্ব নেবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেন তিনি।

নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ বইয়ে সেই সময়ের ঘটনাপ্রবাহ এবং প্রধানমন্ত্রী না হওয়ার পেছনের কারণ তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

স্মৃতিকথায় সোনিয়া জানান, নির্বাচনে জয়ের পর মনমোহন সিংকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। সেখানে সরকার গঠনের দাবি জানানোর পর সবাই ধরে নিয়েছিলেন, তিনিই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু নিজের সিদ্ধান্তের কথা তখনো কাউকে জানাননি তিনি।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেন। জোটের শরিক নেতারাও সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ দেন। একপর্যায়ে দীর্ঘ আলোচনার পর সোনিয়া ‘ঠিক হ্যায়’ বললে উপস্থিত নেতারা ধরে নেন, তিনি প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাঁরা তাঁকে অভিনন্দন জানাতেও শুরু করেন।

কিন্তু বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল সরাসরি জানতে চান, তিনি কি সত্যিই প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন? অন্যদিকে প্রিয়াঙ্কাও তাঁকে চাপের মুখে কোনো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানান।

সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়ার বিষয়টি নিয়ে বিজেপি রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে—এমন আশঙ্কা ছিল তাঁর। তিনি মনে করেছিলেন, প্রধানমন্ত্রী হলে এই বিতর্ক আরও বড় আকার নিতে পারে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দীর্ঘ রাত চিন্তাভাবনার পর পরদিন সকালে রাহুলকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান সোনিয়া। তিনি প্রধানমন্ত্রী হবেন না বলে স্থির করেন। এরপর নিজের পরিবর্তে মনমোহন সিংকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বেছে নেন।

২০০৪ সালের ১৯ মে সোনিয়া গান্ধী প্রকাশ্যে প্রধানমন্ত্রী পদ গ্রহণ না করার সিদ্ধান্ত জানান। পরে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

সোনিয়ার এই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতির আলোচিত ঘটনাগুলোর একটি। তাঁর স্মৃতিকথায় উঠে আসা বিবরণ থেকে বোঝা যায়, দলীয় প্রত্যাশা, পারিবারিক উদ্বেগ এবং নিজের রাজনৈতিক বিবেচনা—সবকিছুই ওই সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল।

সূত্র: বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস