হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে লোগান সার্কেল এলাকার ওই ভবনের একটি ব্যায়ামাগারে এ হামলা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলার স্থানটি হোয়াইট হাউস থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার উত্তরে। গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি ভবনের একটি অ্যাপার্টমেন্টে ঢুকে নিজেকে অবরুদ্ধ করেন। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

মার্কিন পুলিশ জানিয়েছে, আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য চারজনের আঘাত প্রাণঘাতী নয়।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, অ্যাপার্টমেন্টে অবস্থান করার সময় সন্দেহভাজন অন্তত দুইবার দরজার ভেতর থেকে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় আলোচনাকারীরা ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। একপর্যায়ে তাঁরা গুলির শব্দ শুনতে পান। এরপর সন্দেহভাজন আর কোনো সাড়া দেননি।

পরে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাঁর শরীরে নিজেই গুলি চালানোর ক্ষত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে ভবনটিতে আগুন লাগার ঘটনাও ঘটে। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন জেফরি ক্যারল।

হামলার সময়ক্রম, সন্দেহভাজনের উদ্দেশ্য এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। পুলিশের প্রাথমিক ধারণা, অ্যাপার্টমেন্ট ভবনটির সঙ্গে কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার ঘটনাটিকে ‘অর্থহীন বন্দুক সহিংসতা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে।

সূত্র: বিবিসি