৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী। ফি জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর এ সংখ্যা চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসি সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া আগে শেষ হলেও প্রার্থীদের ফি জমা দেওয়ার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, নির্ধারিত ফি সফলভাবে জমা দেওয়া প্রার্থীদের আবেদনই চূড়ান্ত বলে গণ্য হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকসংকট কমাতে এ বিশেষ বিসিএসের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত চাহিদাপত্র পাওয়ার পর নিয়োগ কার্যক্রম শুরু করে পিএসসি।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ হাজার পদের মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের দ্রুত নিয়োগ ও হাসপাতালে পদায়নের লক্ষ্যে এ বিশেষ বিসিএসে দীর্ঘ লিখিত পরীক্ষার ব্যবস্থা রাখা হয়নি। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা ও নিয়োগপ্রক্রিয়া শেষ করে নতুন চিকিৎসকদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের পরিকল্পনা রয়েছে।