২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর হচ্ছে না। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে অনেক দেরি হয়েছে। এত অল্প সময়ে শিক্ষার্থীদের পক্ষে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন। এ কারণে ৪ ডিসেম্বর পরীক্ষার তারিখ রাখা হচ্ছে না।
নতুন তারিখের বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, এখনো নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষার নীতিমালা অনুমোদিত হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এ পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৫ নভেম্বর থেকে।