পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের পরও নিজেদের আগের অবস্থানে অনড় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করতে চায় বিশ্ববিদ্যালয়টি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। ভর্তি পরীক্ষার কার্যক্রমও শুরু হয়ে গেছে। করোনাকাল থেকে তৈরি হওয়া সেশনজট অনেকটাই কাটিয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। এখন অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে গেলে আবার বড় ধরনের সেশনজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভর্তি কমিটির সভায় আগের সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি চূড়ান্ত করা হবে। আপাতত ৫ ডিসেম্বর থেকেই পরীক্ষা শুরুর সিদ্ধান্ত রয়েছে।
এদিকে সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে সোমবার সকালে ইউজিসিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে এবং ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নেওয়া হবে।
ইউজিসির সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখের মধ্যে যেন সংঘাত না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ৫ ডিসেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
সূচি অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।