লেনদেন আরও সহজ করতে বড় সুবিধা নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক

দেশের ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সহজ ও দ্রুত অর্থ লেনদেনের সুযোগ তৈরি করতে নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের এ প্ল্যাটফর্মে যুক্ত হলে গ্রাহকেরা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানে তাৎক্ষণিক অর্থ পাঠাতে পারবেন। আগামী বছরের জুলাইয়ে ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমবে। ফলে গ্রাহকেরা নিজস্ব ব্যাংক বা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কের বাইরে গিয়েও লেনদেন করতে পারবেন। এতে অর্থ স্থানান্তর আরও সহজ হওয়ার পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমানো এবং ডিজিটাল আর্থিক সেবার আওতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আইআইপিএস প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করার জন্য এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এটি চালু হলে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে। গ্রাহকেরা তখন নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে পারবেন।

আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন কাজে এ প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। তবে এসব লেনদেন কার্যকর করতে প্রয়োজনীয় পরিচালনাগত কাঠামো, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেনের অবকাঠামো আগে থেকেই রয়েছে। ২০১২ সাল থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের সুযোগ দিয়ে আসছে। তবে এ ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনাও ছিল। তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এতে যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

সিরাজুল ইসলাম জানান, বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলার প্রয়োজন দেখা দিয়েছে। নতুন আইআইপিএসের মাধ্যমে আগের সীমাবদ্ধতা কাটিয়ে বৃহত্তর পরিসরে আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের সুযোগ তৈরি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের অভ্যন্তরীণ লেনদেনের পাশাপাশি আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও আইআইপিএস কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে। গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে। এতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

গবেষকদের মতে, অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে আইআইপিএসের সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হতে পারে। এতে অর্থ বিতরণ সহজ হওয়ার পাশাপাশি রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ ধরনের আন্তঃসীমান্ত লেনদেন চালু করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।

ডিজিটাল লেনদেন বাড়লে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও সুবিধা তৈরি হতে পারে। নগদ অর্থ ব্যবস্থাপনার জন্য কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের যে ব্যয় হয়, তা কমানোর সুযোগ থাকবে। ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো এবং দ্রুত লেনদেনের সুবিধা পেতে পারেন। পাশাপাশি সরকার বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ও কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেড়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ না থাকায় গ্রাহকদের লেনদেনে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এসব সীমাবদ্ধতা কমিয়ে আরও সমন্বিত ডিজিটাল লেনদেনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হতে পারে। তবে আইআইপিএসের সাফল্য নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আস্থার ওপর। আগামী বছরের জুলাইয়ে চালুর লক্ষ্য সামনে রেখে এসব প্রস্তুতি কতটা এগোয়, তার ওপরই নির্ভর করবে নতুন ব্যবস্থার কার্যকারিতা।