ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ভারতীয় নাবিক

ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে থাকা ১৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড। সোমবার (২ নভেম্বর) দেশটির লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করে হামলার নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আহত অবস্থায় উদ্ধার করা এক ভারতীয় নাবিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তির নাম গান্ধার নাহিম আজিজ। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন। জাহাজটিতে থাকা বাকি ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমানের লিমাহ এলাকার কাছে বাণিজ্যিক জাহাজটিতে হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। নিহত নাবিকের পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার হওয়া ১৩ ভারতীয় নাগরিককে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিহত নাবিকের মরদেহ প্রত্যাবাসনের জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, বাণিজ্যিক নৌযান ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘটনা বন্ধ হওয়া জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দেশটি।

ভারতের বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, অজ্ঞাতপরিচয় একটি আকাশপথে আসা বস্তু জাহাজটিতে আঘাত হানে। এতে জাহাজের একজন নাবিক গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। ওমানের কোস্টগার্ড বাকি ১৩ জনকে উদ্ধার করে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, কী ধরনের অস্ত্র বা বস্তু ব্যবহার করা হয়েছে এবং হামলার সুনির্দিষ্ট কারণ কী—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় কর্তৃপক্ষও হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওমানের উপকূল ও হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এ অঞ্চলে নতুন করে হামলার ঘটনা নৌপরিবহন খাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *