গাজার শিশুদের দুর্দশা হৃদয়বিদারক, ইসরায়েলের নিন্দায় শাহবাজ

গাজায় শীতকালীন বৃষ্টিপাতের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে উপত্যকাটিতে জরুরি মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার কঠোর নিন্দা জানিয়েছেন তিনি। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গাজার বাস্তুচ্যুত মানুষের দুরবস্থার কথা তুলে ধরেন শাহবাজ শরিফ। তিনি লেখেন, ‘বৃষ্টির পানিতে তাঁবু তলিয়ে যাওয়া এবং আশ্রয়হীন গাজার শিশুদের অনাহার ও তীব্র শীতের মধ্যে আটকা পড়ার দৃশ্য হৃদয়বিদারক।’

ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় পূর্ণাঙ্গ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইসরায়েল। চুক্তিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তাঁবু ও ভ্রাম্যমাণ ঘর সরবরাহের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তবে চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় ত্রাণ প্রবেশে বিধিনিষেধ আরোপের অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।

এদিকে শীতকালীন বৃষ্টিতে গাজার অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বৃষ্টির পানিতে তাঁবু প্লাবিত হওয়ায় আশ্রয়হীন পরিবারগুলো নতুন করে সংকটে পড়েছে। বিশেষ করে শিশুরা খাদ্যসংকট ও তীব্র শীতের মধ্যে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

এ পরিস্থিতিতে গাজায় জরুরি মানবিক সহায়তা বাড়াতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *