ঢাকার সড়কে হঠাৎ ব্যাটারিচালিত রিকশা উধাও, ভোগান্তিতে রাজধানীবাসী

তিন দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে রাজধানী ঢাকার সড়কে হঠাৎ করেই ব্যাটারিচালিত রিকশার চলাচল কমে যায়। সোমবার সকালে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় রিকশা না পেয়ে বিপাকে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষ। বিশেষ করে সকালবেলা গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেককে রিকশা না পেয়ে বিকল্প যানবাহনের খোঁজ করতে হয়েছে।

সকালে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় মেয়েকে নিয়ে রিকশার অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী পারভেজ ইসলাম। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ব্যাটারিচালিত রিকশা না পেয়ে শেষ পর্যন্ত কিছুটা পথ হেঁটে একটি প্যাডেলচালিত রিকশা পান তিনি। সেটিতে মেয়েকে আসাদ অ্যাভেনিউয়ের ওয়াইডব্লিউসিএ স্কুলে পৌঁছে দেন।

পারভেজ বলেন, মেয়েকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো অটোরিকশা পাননি। পরে কিছুটা পথ হেঁটে পায়ে টানা রিকশা পেয়ে স্কুলে পৌঁছে দেন। রিকশার সংকটে অনেক অভিভাবকই সন্তানদের নিয়ে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেননি।

একই ধরনের ভোগান্তিতে পড়েন ব্যাংক কর্মকর্তা গোলাম সারোয়ার। প্রতিদিন তিনি বছিলা থেকে ব্যাটারিচালিত রিকশায় মোহাম্মদপুর হয়ে শ্যামলী বা কলেজ গেট এলাকায় যান। সেখান থেকে সড়ক পার হয়ে আবার রিকশায় মেট্রোরেল স্টেশনে পৌঁছান। তবে সোমবার সকালে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রিকশা না পেয়ে অ্যাপভিত্তিক সেবা থেকে মোটরসাইকেল ডেকে নেন।

গোলাম সারোয়ার জানান, অ্যাপেও সহজে মোটরসাইকেল পাওয়া যাচ্ছিল না। অন্তত ৪০ মিনিট অপেক্ষার পর একটি মোটরসাইকেল পেয়েছেন তিনি।

সকালে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকায় কয়েকজনকে চলন্ত রিকশা থামাতে দেখা যায়। যাত্রীদের নামিয়ে দিয়ে চালকদের রিকশা ঘুরিয়ে গ্যারেজে নিয়ে যেতে বলা হচ্ছিল। চালকদের শ্রমিক সমাবেশে যোগ দেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

বছিলা এলাকার রিকশাচালক ইব্রাহিম বলেন, সোমবারের সমাবেশ উপলক্ষে দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয়েছে। বিভিন্ন গ্যারেজে লিফলেটও বিতরণ করা হয়েছে। এ সময় তিনি পকেট থেকে একটি লিফলেট দেখান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

সমাবেশের প্রচারপত্রে ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে’ স্লোগান ব্যবহার করা হয়েছে। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া এবং বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে তাঁদের এ কর্মসূচি।

তবে রিকশা আটকে দেওয়া বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে দাবি করেন নাদিম। তাঁর ভাষ্য, যাঁরা স্বেচ্ছায় সমাবেশে যোগ দিতে চান, তাঁদের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কম থাকায় সোমবার সকালে মোহাম্মদপুর, মানিক মিয়া অ্যাভেনিউ, আগারগাঁও ও রোকেয়া সরণিতে অন্য দিনের তুলনায় যানজট ও বিশৃঙ্খলা কিছুটা কম দেখা যায়। নিয়মিত মোটরসাইকেল ব্যবহার করেন—এমন কয়েকজন জানান, এদিন তাঁরা তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

একদিকে রিকশার স্বল্পতায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি, অন্যদিকে কয়েকটি সড়কে যানজট কমে যাওয়ার চিত্র—রাজধানীর গণপরিবহনব্যবস্থার ওপর ব্যাটারিচালিত রিকশার নির্ভরতা ও এর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *