প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান

সামরিক নীতিতে বড় পরিবর্তন আনছে ইরান। এত দিন প্রতিরক্ষামূলক অবস্থানে থাকা দেশটির সশস্ত্র বাহিনী এখন আক্রমণাত্মক সামরিক কৌশলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। নতুন কৌশল বাস্তবায়নে উপযুক্ত অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধ পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

আকরামিনিয়া বলেন, আগে ইরানের সামরিক নীতি ছিল মূলত প্রতিরক্ষামূলক। শত্রুপক্ষের হামলা প্রতিহত করার পর পাল্টা জবাব দেওয়াই ছিল এ কৌশলের মূল ভিত্তি। তবে সাম্প্রতিক নির্দেশনার আলোকে সামরিক বাহিনী এখন নতুন ধরনের যুদ্ধকৌশল গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোজতবা খামেনির সাম্প্রতিক নির্দেশনাগুলোকে নতুন সামরিক নীতির ভিত্তি হিসেবে উল্লেখ করেন আকরামিনিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেওয়া, পাল্টা আঘাতের কার্যকারিতা বাড়ানো এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নতুন নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য সামরিক কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র ও যুদ্ধ পরিচালনার পদ্ধতিও হালনাগাদ করতে হবে। এসব নীতিকে কার্যকর সামরিক পরিকল্পনায় রূপ দেওয়ার কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়েও মন্তব্য করেন আকরামিনিয়া। তাঁর ধারণা, নির্বাচনের ফলাফল নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা কিছুটা কমাতে পারে। তবে রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে সামরিক প্রস্তুতি থামিয়ে রাখা হবে না বলে জানান তিনি।

আকরামিনিয়ার দাবি, ইরানের সামরিক ও প্রতিরক্ষাসক্ষমতা বাড়ানোর কার্যক্রম স্বাধীনভাবে এবং নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোই এই প্রস্তুতির লক্ষ্য।

সূত্র: আল-জাজিরা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *